গোয়াইনঘাটে মায়ের উপর নির্যাতন : ছেলের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত March 11, 2018
গোয়াইনঘাটে মায়ের উপর নির্যাতন : ছেলের বিরুদ্ধে অভিযোগ

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল গ্রামে মাকে নির্যাতনের অভিযোগে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
মৃত জয়নাল আবেদীনের স্ত্রী সুফিয়া বেগম (৬৫) তার ছেলে নূরুল ইসলাম সহ ৫ জনের নাম উল্লেখ করে শনিবার গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, নূরুল ইসলাম ছোট্ট থাকাকালীন তার পিতা জয়নাল আবেদীন মারা যান। তখন মা সুফিয়া বেগম ছেলেকে নিয়ে পিত্রালয়ে চলে যান। পরে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সাথে তার আবার বিয়ে হয়।
বিয়ের পর আব্দুর রাজ্জাকের বাড়িতেই বড় হয় নূরুল ইসলাম। নিজে বিয়ে করার পরও সেখানেই বসবাস করছিল সে; কিন্তু বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মারা যাওয়ার পর থেকে নূরুল ইসলাম কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে মা সুফিয়া বেগমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে তৎপর হয়ে উঠে। এক পর্যায়ে বুধবার গভীর রাতে মায়ের উপর নির্যাতনও চালায় সে। এতে মা সুফিয়া বেগম গুরুতর আহত হন। গোয়াইনঘাট উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে তিনি পুলিশের শরণাপন্ন হন।
গোয়াইনঘাট থানার এসআই উসমান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।