বিজিবির ১৩টি ব্যাটালিয়ন ৮ মাসে জব্দ করেছে ৯১৩ কোটি টাকার মাদক সহ নানা পণ্য

প্রকাশিত September 18, 2026
বিজিবির ১৩টি ব্যাটালিয়ন ৮ মাসে জব্দ করেছে ৯১৩ কোটি টাকার মাদক সহ নানা পণ্য

সাইফুল ইসলাম সুমন, জুড়ী : সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে গত ৮ মাসে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
এ সময়ে বিভিন্ন অভিযানে ৯১৩ কোটি ২ লাখ ৫৪ হাজার ৫৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
একই সময়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বিওপিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান।
তিনি জানান, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল-এ ৪টি সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।
বিজিবি সদস্যদের কঠোর পরিশ্রম, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের ফলে গত ৮ মাসে এই সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।