সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতি, সিলেট সিটি করপোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর/৫ ভাদ্র) সন্ধ্যায় নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার সহ নবগঠিত দুই কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবদল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কমিটিতে নেতৃত্বে আসায় দল ও দেশের প্রতি নেতৃবৃন্দের দায়বদ্ধতাও অনেক বেড়ে গেছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে যুবদলের নেতাকর্মীরা যে ভূমিকা পালন করেছেন, তা প্রশংসনীয়। এখন সংগঠনের এই শক্তিকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, যুবদলের নেতাকর্মীদের সবসময় ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে মানুষের আস্থা অর্জন করতে হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরো বলেন, ফ্যাসিবাদীরা এখনও নানা ধরনের ষড়যন্ত্র করছে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যুবদলের নতুন নেতৃত্বকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
তিনি নবগঠিত জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরো সুসংগঠিত ও শক্তিশালী হবে—এটাই প্রত্যাশা।
একই সঙ্গে নেতৃবৃন্দ আগামী দিনে দেশ গঠন ও সিলেটের উন্নয়ন-অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে নবগঠিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, রবিবার যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি