ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় || অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

প্রকাশিত September 21, 2026
ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় || অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে সিলেটে ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অবৈধ ইটভাটা পরিচালনা থেকে বিরত থাকার এবং বিদ্যমান আইন ও বিধি-বিধান মেনে ইটভাটা পরিচালনার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর/৬ আশ্বিন) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সুরমা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক মো আবুল কালাম আজাদ।
সভাপতির বক্তব্যে বিভাগীয় পরিচালক বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিকদের বিদ্যমান আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
তিনি অবৈধ কার্যক্রম থেকে বিরত থেকে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইট উৎপাদন ও পর্যায়ক্রমে ব্লক ইট উৎপাদনের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাইজুল কবির পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইটভাটা পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন আইনগত শর্ত ও নির্দেশনা তুলে ধরেন। এর মধ্যে বৈধ লাইসেন্স গ্রহণ, অনুমোদিত উৎস থেকে মাটি সংগ্রহ, জ্বালানি কাঠ ব্যবহার না করা, মানসম্মত কয়লা ব্যবহার, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ইটভাটার অবস্থান ও নির্ধারিত দূরত্বসংক্রান্ত বিধান উল্লেখযোগ্য। একই সঙ্গে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রচলিত পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ও আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থায় পর্যায়ক্রমে রূপান্তরের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
মতবিনিময় পর্বে ইটভাটা মালিকরা কয়লায় সালফারের মাত্রা, নদীর পলি ও খাল খননের মাটি ব্যবহারের সুযোগ, ইটভাটার দূরত্বসংক্রান্ত শর্ত এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সময় সহ বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
সভায় গণপূর্ত অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইটভাটা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রায় ৫০ জন ইটভাটা মালিক অংশগ্রহণ করেন। পিআইডি সিলেট