গ্রাহকের অনুমতি ছাড়া ব্যাংক হিসাব থেকে ৩ লাখ টাকা স্থানান্তরের অভিযোগ

প্রকাশিত March 30, 2026
গ্রাহকের অনুমতি ছাড়া ব্যাংক হিসাব থেকে ৩ লাখ টাকা স্থানান্তরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সিলেটে এক গ্রাহকের অনুমতি ছাড়াই তার ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) থেকে অন্য একজনের হিসাবে ৩ লাখ টাকা স্থানান্তরের অভিযোগ করা হয়েছে।
মহানগরীর আম্বরখানা বড় বাজার এলাকার মো আব্দুল হান্নান চৌধুরীর ছেলে মো ইসমাইল হোসেন আজাদ চৌধুরী সোমবার (৩০ মার্চ/১৬ চৈত্র) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি জানান, তার স্মার্ট ফোনটি গত ২৬ মার্চ নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কিছুক্ষণ পর দেখেন, তার হিসাব থেকে ৩ লাখ ১০ টাকা অনুমতি ছাড়াই প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ০১৭৫১২১০০০০১২৫৩ নম্বর হিসাবে স্থানান্তর হয়েছে। এ ব্যাপারে সাথে সাথে তিনি এসএমপির এয়ারপোর্ট থানায় একটি জিডি (নং ১৩২৮/২৬/৩/২৬) করেন। পরে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে জানতে পারেন, উল্লিখিত অ্যাকাউন্টে আরও অনেকের টাকা অবৈধভাবে স্থানান্তর হয়েছে।
তিনি জানান, এই হিসাবের মালিকের নাম মো সোহেল রানা। তার নামে ইস্টার্ন ব্যাংকেও ১৫৫১৪৪০০০৫৮৫৩ নম্বর হিসাব রয়েছে। তিনি বিভিন্ন ব্যক্তির হিসাব থেকে টাকা গ্রহণ করে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করছেন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়-বরং সংঘবদ্ধ ও পরিকল্পিত প্রতারণা। ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্যাংক বন্ধ না থাকলে হয়তো তাৎক্ষণিক অভিযোগ করে হিসাবটি ব্লক করা সম্ভব হতো এবং এই ক্ষতি ঠেকানো যেতো; কিন্তু তা সম্ভব না হওয়ায় তিনি কল সেন্টারে অভিযোগ করলেও তাতে কোনো প্রতিকার পাননি।
তিনি জানান, এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সিলেটে লিখিত অভিযোগ দায়ের করতে গেলেও তা গ্রহণ করা হয়নি।
ইসমাইল হোসেন আজাদ চৌধুরী ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তার কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।