এ এস কাঁকন, মৌলভীবাজার : প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকার পূরণে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজার আসছেন।
এ উপলক্ষে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। সরকার প্রধানের এই আগমনের মধ্যদিয়ে দীর্ঘদিন ধরে জেলার ভঙ্গুর স্বাস্থ্যখাত সুসংহত, বন্ধ বিমানবন্দর চালু ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দ্বার উন্মোচিত হবে-এমন আশায় নেতাকর্মী সহ সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
একদিনের এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী দুই উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন। প্রথমে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫২ জন এবং পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত জনসভায় রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন উপকারভোগীর হাতে এই কার্ড তুলে দিবেন।
এছাড়াও প্রধানমন্ত্রী বিশেষ জনগোষ্ঠীর মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করবেন।
তিনি বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সিলেট হয়ে আকাশ পথে ঢাকায় ফিরবেন।
জেলা বিএনপির আহবায়ক মো ফয়জুল করিম ময়ূন জানান, তারেক রহমানকে বরণ করতে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাংসদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেন, ক্ষমতা গ্রহণের মাত্র ৪ মাসের মাথায় প্রধানমন্ত্রী তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মৌলভীবাজারে আসছেন।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপওা ব্যবস্থা জোরদার করা হয়েছে।