কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন সিসিক কর্মীরা

প্রকাশিত June 16, 2026
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন সিসিক কর্মীরা

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণে সিলেট সিটি কর্পোরেশন-সিসিক কর্মীরা ওয়ার্ডভিত্তিক অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন/২ আষাঢ়) নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কর্মদক্ষতার ভিত্তিতে নির্বাচিত সেরা ওয়ার্ড সচিব ও সুপারভাইজারদের হাতে পুরস্কার তুলে দেন।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল (অব) মোহাম্মদ একলিম আবদীন।
প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হয় কর্মীদের নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিসিকের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এতে তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।
তিনি বলেন, এবারের ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। এ সফলতার পেছনে সরকারের দিকনির্দেশনা, সুপরিকল্পিত প্রস্তুতি ও মাঠপর্যায়ের কর্মীদের অক্লান্ত পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সিসিক প্রশাসক বলেন, এই অর্জন শুধু সিসিকের নয়, পুরো নগরবাসীর জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সচিব ও সুপারভাইজারদের হাতে পুরস্কার তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তি