জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় গাছ লাগানোর আহ্বান নাছির উদ্দিন চৌধুরীর

প্রকাশিত June 15, 2026
জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় গাছ লাগানোর আহ্বান নাছির উদ্দিন চৌধুরীর

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে সোমবার (১৫ জুন) একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাছির উদ্দিন চৌধুরীর সহধর্মিণী পারভিন আক্তার চৌধুরী, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস এবং দিরাই ও শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচি উদ্বোধন করে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই।
তিনি হাওর অঞ্চলসহ সবুজ বাংলাদেশ বিনির্মাণ এবং ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড মুক্ত দূষণহীন পৃথিবী গড়তে দেশের প্রতিটি খালি জায়গায় বেশি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগাতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।