জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মূহাম্মদ ইউনূস আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন।
তার সফরসঙ্গী হিসাবে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মহাসচিব আখতার হোসাইন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিবেন।
এদিকে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কে পরস্পরবিরোধী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের। বিএনপি প্রধান উপদেষ্টা ও দলের মহাসচিবকে স্বাগত জানানোর কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ঘোষণা করেছে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি। ফলে ভিন্নরকম পরিস্থিতি বিরাজ করছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানানোর পূর্ব প্রস্তুতি হিসাবে ২০ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে শোভাযাত্রার আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির অপর সদস্য জিল্লুর রহমান জিল্লুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আরকে সদস্য গিয়াস আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, নিউইয়র্ক স্টেট সভাপতি অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুর খান হারুণ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বৈদেশিক রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ, এবাদ চৌধুরী, আনোয়ার হোসেন, রিয়াজ মাহমুদ, ভিপি জসীম, বদরুল হক আজাদ, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর হাসাইন, যুবদল নেতা আতিকুল হক আহাদ, মিজানুর রহমান, দেওয়ান কাউছার প্রমুখ।
নেতৃবৃন্দ জানান, আগামী ২২ সেপ্টেম্বর জেএফকে এয়ারপোর্টে এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিবকে স্বাগত জানানো হবে।
এদিকে, নিউইয়র্কের একটি হোটেলে ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টাসহ সফরসঙ্গীদের সঙ্গে এনআরবি কানেক্ট ডে ব্যানারে প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আগামী ২ অক্টোবর প্রধান উপদষ্টোর দেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে।-নিউজ মিডিয়া, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র