শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ”সুপ্রাচীনকাল থেকে পুণ্যভূমি সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। এই সম্প্রীতির ধারাবাহিকতা রক্ষায় আমাদের সকলকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেছেন, ”আমাদের প্রিয় বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের লোকজনের সহাবস্থান রয়েছে। এই সম্প্রীতির মেলবন্ধন ভবিষ্যতেও অটুট রাখতে হবে।’
শুক্রবার (২৪ জুলাই/৯ শ্রাবণ) বিকেল ৫টায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা মহোৎসবের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ”আমরা সবাই মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যাবো। এজন্য দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।”
মন্ত্রী আরও জানান, সিলেট মহানগরীর রিকাবীবাজারে রথযাত্রা প্রাঙ্গণে সুপ্রাচীনকাল থেকে রথযাত্রা মহোৎসবের আচার-অনুষ্ঠানা পালিত হয়ে আসছে। এই রথযাত্রা প্রাঙ্গণটিকে রথযাত্রা উদযাপনের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করার প্রক্রিয়া চলমান রয়েছে।
আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভাপতিত্ব করেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত কুমার সিংহ। কোষাধ্যক্ষ সমেন্দ্র সিংহর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উপদেষ্টা ড দীলিপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেট, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ, মাইবাম রতন সিংহ, সময় টিভির সিনিয়র ভিডিওসাংবাদিক দিগেন সিংহ, নামব্রাম রতন সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি সজল ঘোষ প্রমুখ।
উল্টো রথযাত্রা মহোৎসবে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সহ-ধর্মীয় সম্পাদক প্রহল্লাদ সিংহের নেতৃত্বে গীত গোবিন্দ থেকে দশাবতার পাঠ, কীর্ত্তন ও আরতী পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি