সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কাষ্টঘর সুইপার কলোনি পরিদর্শন করলেন। প্রত্যক্ষ করলেন ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসরত সেই জনগোষ্ঠীর জীবনচিত্র, যারা মহানগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে। নগরজীবনের ব্যস্ততা শুরুর আগেই যত্রতত্র জমে থাকা আবর্জনা অপসারণ করে আর নালা-ড্রেন পরিষ্কার করে দেয়, যাতে নির্মল পরিবেশে সবাই নিশ্বাস নিতে পারে।
সোমবার (২০ জুলাই/৫ শ্রাবণ) বিকেলে কাষ্টঘর সুইপার কলোনি পরিদর্শন করে তিনি হরিজন সম্প্রদায়ের বসবাসের পরিবেশ, পানি ও বিদ্যুতের সংকট এবং সামগ্রিক জীবনমান সরেজমিনে দেখেন।
এসময় সিসিক প্রশাসক দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনগোষ্ঠীর কল্যাণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল (অব) মোহাম্মদ একলিম আবদীন জানান, সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত সুইপার কলোনিতে বর্তমানে ৪২৪ জন হরিজন সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন। এর মধ্যে ১১১ জন সিসিকে কর্মরত, অন্যত্র ২৫ জন চাকরি করেন আর ১১৯ জন বর্তমানে বেকার।
কলোনির সরু গলি, অপর্যাপ্ত আবাসন, পানির সীমাবদ্ধতা এবং অনিরাপদ পরিবেশ দেখে উদ্বেগ প্রকাশ করে সিসিক প্রশাসক বলেন, “নগর পরিচ্ছন্ন রাখতে হরিজন সম্প্রদায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ; কিন্তু দুঃখজনকভাবে তাদের জীবনমান অত্যন্ত খারাপ। অতীতে তাদের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবো।”
তিনি দৈনিক মজুরি বৃদ্ধি, চাকরিকালীন সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও কর্মরত শ্রমিকদের কল্যাণে বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
একই সঙ্গে বেকার সদস্যদের কর্মসংস্থানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আমাদের দায়িত্ব যারা বেকার তাদের কাজে যুক্ত করা। আর যারা কাজ করছেন, তাদের মর্যাদা ও সুবিধা বাড়ানো। সবচেয়ে বড় কথা, তারা যেন মানুষের মতো সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কলোনিতে নিরাপদ পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি ঘিঞ্জি পরিবেশ থেকে বাসিন্দাদের পর্যায়ক্রমে উন্নত আবাসনে পুনর্বাসনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এ সময় আবেগঘন মুহূর্ত তৈরি হয়। কলোনির বাসিন্দারা প্রশাসককে ঘিরে নিজেদের দীর্ঘদিনের কষ্টের কথা তুলে ধরেন।
তাদের একজন বলেন, “অতীতে সিটি কর্পোরেশন থেকে কোনো মেয়র বা কর্মকর্তা আমাদের দেখতে আসেননি। আপনি নিজে এসে আমাদের কথা শুনেছেন, এটাই আমাদের জন্য বড় বিষয়।”
প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাসিন্দারা বলেন, তারা আশা করছেন, এবার সত্যিই তাদের জীবন বদলের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনের সময় সামাজিক সচেতনতার বিষয়েও সিসিক প্রশাসক গুরুত্ব আরোপ করেন।
তিনি কলোনিবাসীদের মাদক গ্রহণ ও মাদক ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, “নিজেদের ভবিষ্যৎ ও নতুন প্রজন্মকে রক্ষা করতে সবাইকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।”
এ সময় বাসিন্দারা মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সংবাদ বিজ্ঞপ্তি