ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টির উইকলার (Wycoller) গ্রামে অবস্থিত একটি সেতু প্রায় ৮শ বছরের ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে টিকে আছে।
লোকমুখে প্রচলিত আছে, প্যাক হর্স নামের এই সেতুটির নির্মাণকাল ১২শ শতাব্দির শেষের দিক। তবে গবেষক ও ইতিহাসবিদদের বর্ণনা এবং সরকারি তথ্যমতে, ঐতিহ্যের এ নিদর্শনটি ১৭শ শতাব্দি বা এর পূর্বে নির্মিত হয়।
গ্রেড-২ তালিকাভুক্ত এই সেতুটি মধ্যযুগের প্রকৌশল ও স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন, যা খিলানাকৃতির পাথরের গঠন, অসমান নকশা ও সবুজ শ্যামল নিরিবিলি দৃশ্যের কারণে শত শত বছর ধরে দেশী-বিদেশী পর্যটকদের অনন্য আকর্ষণীয় উপাদান।
তখনকার সময়ে মালামাল বহনের সুবিধার্থে পণ্যবাহী ঘোড়ার বাণিজ্যিকভাবে চলাফেরার জন্য সেতুটি নির্মাণ করা হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিমত।
প্রাকৃতিক মনোরম সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা, পাথরের কটেজ, ঝরনা, শান্ত শ্যামল গ্রামীণ পরিবেশ, চারপাশে পাহাড় ও সবুজ উপত্যকা বেষ্টিত এলাকাটি ভ্রমণ প্রিয় এবং ইতিহাস অনুরাগী মানুষের জন্য এক অসাধারণ গন্তব্য এবং দর্শনীয় স্থান হয়ে আছে।
শাহ মনসুর আলী নোমান || যুক্তরাজ্য প্রবাসী সাবেক সহকারী রেজিস্ট্রার, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ