সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নববর্ষ উদযাপন

প্রকাশিত April 14, 2022
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নববর্ষ উদযাপন

নানা আনুষ্ঠানিকতায় সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোস্টার, ব্যানার, ফেস্টুন ও আল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানকে সুসজ্জিত করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ লে কর্নেল আবু হায়দার মো আসাদুজ্জামান পিএইচডি, উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতিতে উজ্জীবিত করতে জাতীয়ভাবে উদযাপিত মঙ্গল শোভাযাত্রা ও গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এরপর ছিল শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে একক ও দলীয় সংগীত, নৃত্য, অভিনয় ও আবৃত্তিতে নিজস্ব সংস্কৃতির ধারা ফুটিয়ে তোলা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বাংলা নববর্ষের তাৎপর্য্য তুলে ধরে বলেন, এই অনুষ্ঠান ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উৎসব। বাংলা নববর্ষ উৎসবের সঙ্গে আমাদের গৌরবময় ঐতিহ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। এ উৎসব আমাদের জীবনে স্বকীয়তা ও স্বাতন্ত্রবোধ সৃষ্টি করে দেশপ্রেমে উদ্বুদ্ধ রাখে।
তিনি শিক্ষার্থীদের নববর্ষের চেতনায় উজ্জীবিত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে অবদান রাখার আহবান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি