শাল্লায় মাদকবিরোধী অভিযানে গিয়ে পাওয়া গেলো ১৮১৮ সালের ধাতব পিলার

প্রকাশিত July 26, 2026
শাল্লায় মাদকবিরোধী অভিযানে গিয়ে পাওয়া গেলো ১৮১৮ সালের ধাতব পিলার

শাল্লা প্রতিনিধি সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ‘1818’ ও ‘East India’ খোদাইকৃত প্রাচীন ধাতব পিলার সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী কমিটির সদস্য ও স্থানীয় যুবকরা দৌলতপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রূপ মিয়া ওরফে রুক্কিয়ার (৫০) পরিত্যক্ত বাড়িতে রবিবার (২৬ জুলাই ১১ শ্রাবণ) অভিযান চালান।
তাদের কাছে খবর ছিল, সেখানে মাদকের একটি বড় চালান রয়েছে। তবে পুরো বাড়িতে তল্লাশি চালিয়ে কোনো মাদক পাওয়া না গেলেও এই পিলারটির সন্ধান মিলে। তবে রূপ মিয়া পালিয়ে যায়। নিরাপত্তার স্বার্থে পিলারটি গ্রামের মুরব্বি মো আব্দুল হেকিমের হেফাজতে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে শাল্লা থানার এসআই ইমাম আরিফিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ইউপি মেম্বার নূরুল হক সহ এলাকাবাসীর উপস্থিতিতে বিধি মোতাবেক পিলারটি গ্রহণ করে নিয়ে আসে।
ইউপি মেম্বার নূরুল হক জানান, “রূপ মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আমরা মাদকের চালানের সন্ধানে তার বাড়িতে গিয়ে এই পিলারটি দেখতে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়।”
শাল্লা থানার ওসির দায়িত্বে থাকা এসআই মো শওকত আলী জানান, এটি বেশ প্রাচীন এবং ঐতিহাসিক বস্তু। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত বস্তুটি আদালতে প্রেরণ করা হবে। একই সাথে এটি কোথা থেকে এলো এবং এর পেছনে অন্য কোনো পাচারকারী চক্র জড়িত কি না, তাও পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে।