নিজস্ব প্রতিবেদক : সিলেটে আগামী সেপ্টেম্বর মাসের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত টেকসই মৎস্যখাত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ দ্বিতীয়বার এই সম্মেলনের আয়োজন করছে।
মঙ্গলবার দুপুরে সম্মেলনের ওয়েবসাইট ও গবেষণা সারাংশ জমাদানের প্রক্রিয়া উদ্বোধন করেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো মতিয়ার রহমান হাওলাদার।
এ উপলক্ষে সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও সম্মেলনের আহবায়ক অধ্যাপক ড মৃত্যুঞ্জয় কুণ্ডু। আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড এম এম মাহবুব আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মো মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড তরিকুল ইসলাম, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড মুহাম্মদ রাশেদ আল মামুন, অন্যান্য অনুষদের ডিন, প্রক্টরিয়াল বডি ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ।
উপাচার্য অধ্যাপক ড মো মতিয়ার রহমান হাওলাদার বলেন, দ্বিতীয়বার টেকসই মৎস্যখাত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন খুব প্রশংসনীয় উদ্যোগ। ইতঃপূর্বে একটি সম্মেলন আয়োজনের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছে। গবেষণায় অগ্রগতির ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সঙ্গে সঙ্গে মৎস্যখাতকে টেকসই করতে গবেষণালব্ধ নানা জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।-সূত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি