নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯-এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৬০ কেজি গাঁজা সহ এক মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শানখলা ইউনিয়নের শানখলা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় এই গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা সহ এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল আজিজ (২৬) হবিগঞ্জের বাহুবল উপজেলার ইজ্জতপুর এলাকার ওয়াছ উল্লাহ ছেলে।
র্যাব ৯ জানায়, কিছু মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান শানখলা এলাকা দিয়ে রাতের কোন এক সময়ে নিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত হয়ে শায়েস্তাগঞ্জ হতে দেউন্দীগামী পাকা রাস্তায় অটোরিকশাটি আটকে তাতে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুল আজিজ গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি