জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের ঋণ শোধ হবার নয় : সিকৃবিতে লুনা

প্রকাশিত August 5, 2025
জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের ঋণ শোধ হবার নয় : সিকৃবিতে লুনা

বিশেষ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের ঋণ শোধ হবার নয়। গুম, খুন ও ক্রস ফায়ারের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে দেয়নি বিগত ফ্যাসিস্ট সরকার। ছাত্ররা কোটা বিরোধী যে আন্দোলন শুরু করেছিলো তা শেষ হয়েছিলো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে।
তিনি আরও বলেছেন, বিচার একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক সরকার ছাড়া কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। আমাদের সকলের ঐক্য ধরে রাখতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সাদাকে সাদা-অন্যায়কে অন্যায় বলতে হবে। নিরপেক্ষ নির্বাচনে জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করতে সকলকে সচেষ্ট থাকতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট/২১ শ্রাবণ) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সিকৃবিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে বিকেল ৩টায় প্রশাসনিক ভবন চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ : বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, শহীদ পরিবারকে উপহার প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম ও শহীদ মীর মুগ্ধসহ সকল শহীদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্য ও শোষণের বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিবাদ, যা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মাইলফলক। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক প্রতিরোধ, যেখানে ছাত্রসমাজ, পেশাজীবী, শ্রমজীবী ও সাধারণ মানুষ রাষ্ট্রীয় বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়িয়েছিল।
জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দৃশ্যমান বিচার ও জুলাই সনদকে আইনগতভাবে স্বীকৃতি দিয়ে সংবিধানে সংযুক্ত ও নির্বাচন যথাসময়ে করতে হবে।
সিকৃবি ট্রেজারার প্রফেসর ড এ টি এম মাহবুব-ই-ইলাহী বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রধান ছাত্রদের রাজাকার বলে আখ্যায়িত করার পর হতে গণমানুষের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী উদগীরণ দেখেছি।
সিকৃবি রেজিস্ট্রার প্রফেসর ড মো আসাদ-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের ভাই আবুল আহসান মো আজরফ (জাবুর), এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা, সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।