অমৃত জ্যোতি, মধ্যনগর : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের মাকসুদা বেগম শৈল্পিক হাতের নিপুণ ছোঁয়ায় চালের গুঁড়া দিয়ে তৈরি করছেন পাকন পিঠা আর সুই-সুঁতোয় বুনেছেন নকশিকাঁথা। নিজের এই সৃষ্টি নিয়ে তিনি স্বপ্ন দেখছেন।
আতপ চালের গুঁড়ো আর পরিমাণ মতো লবণের মিশ্রণে হাতের কারিগরিতে বাহারী নানান নকশা কেটে তৈরি করছেন পাকন পিঠা, বৌ পিঠা ও জামাই পিঠা সহ নানান বাহারি খাবার। এসব পিঠার বৈশিষ্ট্য হলো খম্বিরগুলো হাতে নকশা করার পরে তেলে ভেজে রৌদ্রে শুকিয়ে নিতে হয়। পরে আবার হলকা গরম তেলে ভেজে মিষ্টির গরম সিরায় ডুবিয়ে আধাঘণ্টা রাখার পর পরিবেশ করা হয়।
পাশাপাশি বুনেছেন নকশীকাঁথা। পাশাপাশি কুষিকাটা সুই-সুঁতো দিয়ে নকশা করেছেন পোষাকের হাতা, লেইছ, টুপি, চাদর, সোফা, বালিশের কভার ও জামায়।
মধ্যনগর উপজেলা সদরের নারী উদ্যোক্তা মাকসুদা বেগম স্বপ্ন দেখেন এগিয়ে যাওয়ার। আরও নারীকে সম্পৃক্ত করার। বেকার নারীদের কর্মসংস্থানের। এ ব্যপারে তিনি সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।