জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু সমাবেশ ও শোভাযাত্রা

প্রকাশিত March 18, 2019
জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু সমাবেশ ও শোভাযাত্রা

জগন্নাথপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
এরপর ‘বঙ্গবন্ধুর জন্মদিন, রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভাল’ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগলো প্রদক্ষিণ করে।
এতে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, ওসি হারুনুর রশিদ চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী সহ অন্যরা অংশ নেন।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, রচনা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।