এ এস কাঁকন, মৌলভীবাজার : ‘ঐ নুতনের কেতন ওড়ে’ প্রতিপাদ্যে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রায় বাংলা নতুন বছর ১৪২৯ কে মৌলভীবাজারবাসী বরণ করেছেন।
করোনা মহামারির কারণে দুইবছর পর এবার মঙ্গল শোভাযাত্রা সহ সার্বিক আয়োজনে কোন বিধিনিষেধ না থাকলেও পবিত্র রমজানের জন্য অনুষ্ঠানাদির পরিসর সীমিত রাখা হয়।
নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতেৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয় শহর। এতে অংশ নেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিকা দে, পৌর মেয়র মো ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গল শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক কর্মী সংসদের সহযোগিতায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নেন।