হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার বল্লমের আঘাতে চাচা সাহাব উদ্দিন (৩২) নিহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, উপজেলার যাত্রাপাশা গ্রামের ইরফান উল্লার দুই ছেলে সাহাব উদ্দিন ও হারুন মিয়ার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল।
এর জের ধরে সোমবার সকাল ১১টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হারুন মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাবার পক্ষ নিয়ে চাচা সাহাব উদ্দিনকে বল্লম নিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এছাড়া হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।