শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা, চাল ও ‘কৃষি কার্ড’ বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে/১২ জ্যৈষ্ঠ) শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাছাইকৃত কৃষকদের হাতে এই অনুদান তুলে দেওয়ার মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার বাহাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ১২ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে জনপ্রতি নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল তুলে দেওয়া হয়।
ঈদুল আজহার পর পর ৪ ইউনিয়নে মোট ১০ হাজার ১২৫ জন কৃষকের মাঝে এই মানবিক সহায়তা বিতরণ করা হবে।
টানা তিন মাস নগদ অর্থ ও চালের মাধ্যমে এই মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
তবে ক্ষতিগ্রস্ত কৃষকের তুলনায় বরাদ্দকৃত ‘কৃষি কার্ড’ সংখ্যায় অনেক কম। ফলে বহু কৃষক এই সহায়তা সুবিধার আওতায় বাইরে রয়ে গেছেন। তারা কার্ডের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। অন্যদের মধ্যে
উপস্থিত ছিলেন দিরাই উপজেলায় মূল দায়িত্বে ও শাল্লা উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মোহাম্মদ আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নিত্যান্ত দাস নিতাই, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক একরামুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আলতাব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ চন্দ্র চৌধুরী এবং শাল্লা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার।