নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে বৃহস্পতিবার ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগায়। সকালে বৃষ্টি উপেক্ষা করে লাখো মুসল্লি এখানে নামাজ আদায় করেন।
শাহী ঈদগায় নামাজ পড়েন বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির মহানগর সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অন্যতম শীর্ষ নেতা বদরুজ্জামান সেলিম ও প্রশাসনের উর্ধতম কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ। পরে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বশান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়াও হজরত শাহজালাল (র) দরগা, হজরত শাহপরান (র) দরগা, সরকারি আলিয়া মাদরাসা ময়দান, কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ ও আম্বরখানা সরকারি কলোনি জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ আদায় শেষে মুসলমানরা সামর্থ অনুযায়ী কোরবানি দেন।