সিলেট সিটি কর্পোরেশন-সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার মোহাম্মদ মুফাচ্ছির মারা গেছেন।
মঙ্গলবার (২৬ মে/১২ জ্যৈষ্ঠ) বিকেল সাড়ে ৩টায় কর্মরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিক ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোহাম্মদ মুফাচ্ছিরের মৃত্যুর খবর পেয়ে তার কানিশাইলের বাসভবনে যান সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সান্ত্বনা দেন।
সিসিক প্রশাসক মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশের পাশাপাশি তার রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ ও মো মাহবুবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি