মহানগরীতে ৩টি অজগর সাপ উদ্ধার : সংরক্ষিত বনে অবমুক্ত

প্রকাশিত October 8, 2021
মহানগরীতে ৩টি অজগর সাপ উদ্ধার : সংরক্ষিত বনে অবমুক্ত

সিলেট মহানগরীর বালুচর, আলুরতল ও মেজরটিলা এলাকার বিভিন্ন বসতবাড়ি থেকে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে তিনটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সিলেট বন বিভাগের কর্মকর্তারা জানান, বালুচরের জোনাকি আবাসিক এলাকার শাহ আলম মেম্বারের বাড়ি থেকে একটি, আলুরতল এলাকার আব্দুল মান্নানের বাড়ি থেকে একটি এবং মেজরটিলার সৈয়দপুর এলাকার রাবেয়া বেগমের বাড়ি থেকে আরেকটি অজগর সাপ উদ্ধার করা হয়।
অজগরগুলোর মধ্যে প্রথমটি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে, দ্বিতীয়টি রাত সাড়ে ১২টার দিকে এবং তৃতীয়টি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভূমিসন্তান বাংলাদেশের কর্মীদের সহযোগিতায় বনবিভাগ উদ্ধার করে।
ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির জানান, আগে এই এলাকা এবং পার্শ্ববর্তী চা বাগান ও টিলাগড় ইকো পার্ক এলাকা অজগর সাপের নিরাপদ চারণভূমি ছিলো; কিন্তু ইদানিং খাদ্য সংকটের কারণে এসব সাপ লোকালয়ে প্রবেশ করছে।
আশরাফুল কবির আরও বলেন, অজগর সাপ বিষাক্ত নয় এবং সাধারণত মানুষকে আক্রমণ করে না। তাই লোকালয়ে অজগর সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা পরিবেশকর্মীদের জানালে তারা উদ্ধার করে সাপটিকে রক্ষা করতে পারবেন।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো তৌফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া অজগর সাপ তিনটি টিলাগড় ইকো পার্কের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি