ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ শনিবার

প্রকাশিত October 30, 2026
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ শনিবার

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সাংবাদিকদের সমাবেশ আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা কার্যালয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এর অংশ হিসেবে কাল সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সিলেটের সর্বস্তরের সাংবাদিককে অংশ নিতে সাংবাদিক নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন ।
সভায় আরো সিদ্ধান্ত হয়, সমাবেশ শেষে হামলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সাংবাদিক নেতারা মনে করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরো বাড়বে।
যৌথ সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি, দৈনিক আধুনিক কাগজ সম্পাদক মঈন উদ্দিন, ইমজা সভাপতি মাহবুবুর রহমান রিপন, সিলেট জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিলেটভিউটোয়েন্টিফোর.কমের সম্পাদক শাহ দিদার আলম নবেল। সংবাদ বিজ্ঞপ্তি