সরকারের পদত্যাগ করা উচিত : মৌলভীবাজারে ডা শফিকুর রহমান

প্রকাশিত October 24, 2026
সরকারের পদত্যাগ করা উচিত : মৌলভীবাজারে ডা শফিকুর রহমান

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, বিরোধীদলীয় নেতা ডা শফিকুর রহমান বলেছেন, “গোয়েন্দা তথ্যের রেফারেন্স দিয়ে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন না-তিনি অন্যায় করেছেন। চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম, তিনি প্রমাণ করুন। আমরা সেই প্রমাণের অপেক্ষায় আছি।”
ব্যর্থতা স্বীকার করে সরকারের পদত্যাগ করা উচিত উল্লেখ করে জামায়াত আমির আরো বলেছেন, যে সরকার থাকা অবস্থায় সীমান্ত দিয়ে মদ, টাকা ও অস্ত্র ঢুকবে, সেই সরকারের দরকার কী।”
শনিবার (২৪ অক্টোবর/৮ কার্তিক) সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নে তিনি এ কথা বলেন।
ডা শফিকুর রহমান সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, “আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্র মন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন; কিন্তু নিজ মন্ত্রণালয়, মাদক, অস্ত্র ও আইনশৃঙ্খলার কিছুই নিয়ন্ত্রণ করতে পারেননি।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটগত ভাবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে না জানিয়ে তিনি বলেন, এটা লজ্জার বিষয়, জাতীয় সংসদের শৃঙ্খলার দায়িত্বে থাকা চীফ হুইফ তার এলাকায় গিয়ে বলেছেন, যে জায়গায় বিএনপির প্রার্থী বিজয়ী হবে না সেখানে কোনো বরাদ্দ দেওয়া হবে না। তার মানে আগে থেকে জনগণকে ভয় দেখানো হচ্ছে।
এমন ভয়ভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াত আমির বলেন, “নির্বাচনে যাওয়ার আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করবো-লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা চাইবো।’
তিনি বলেন, “বিরোধীদল সংসদেই সব সংকট দূর করতে চেয়েছিল; কিন্তু আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে সরকার।”
গণমাধ্যম সমাজের আয়না, সেই আয়নায় সমাজের দোষ ত্রুটি তুলে ধরার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
দলের মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো ইয়ামীর আমির আলীর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ।