বালাগঞ্জের পল্লীতে বাড়ি বিক্রির টাকা নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশিত October 26, 2026
বালাগঞ্জের পল্লীতে বাড়ি বিক্রির টাকা নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন।
এ নৃশংস ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি বিক্রির ১২ লাখ টাকা পরিশোধ ও ঘরের কাজ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার (২৫ অক্টোবর) রাতে নিজ বাড়ির আঙ্গিনায় ভাতিজা মির্জা টিটুর (৩৫) হামলায়, চাচা মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া (৬০) আহত হন। গুরুতর অবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালাগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ময়না তদন্ত শেষে সোমবার (২৬ অক্টোবর/১০ কার্তিক) রাতে মির্জা আব্দুল লতিফ আবুল মিয়ার দাফন করা হয়েছে।
বালাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
মুসলিমাবাদ গ্রামের ওয়ার্ড মেম্বার ডা মির্জা আবু নাসের মোহাম্মদ রাহেল জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত। দাফন সম্পন্ন হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে।