নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার ১৩১.৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, পুশ-ইন, নারী ও শিশু পাচার এবং গবাদি পশু ও মাদকদ্রব্য সহ সব ধরনের চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর/১০ কার্তিক) আয়োজিত সভায় জকিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মো সোহেল আলম, পিবিজিএম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তিনি সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দিন-রাত টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রেখেছে। বিজিবির কার্যকর প্রতিরোধ ব্যবস্থা ও সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অপচেষ্টা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।
তিনি বলেন, সীমান্ত অপরাধ নির্মূলে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় সীমান্তবর্তী জনগণকে চোরাচালান, মাদক ব্যবসা, মানবপাচার ও অনুপ্রবেশে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে গুজবে কান না দেওয়া, সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করা এবং সীমান্ত অতিক্রম করে অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়।
এছাড়াও সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি ও দেশপ্রেমিক জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ এবং সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি