বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : পবিত্র রমজান মাসে মৌলভীবাজারে ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ ও ডালসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি/৩ ফাল্গুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো জালাল উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো আল আমিন, পৌর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মহিউদ্দিন চৌধুরী শাহীন এবং খুচরা ও পাইকারি পর্যায়ের বিভিন্ন বাজার সমিতির নেতা ও ক্যাব নেতৃবৃন্দ।
সভায় জেলা প্রশাসক বলেন, পবিত্র রমজান মাসে কোনোভাবেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় সহ্য করা হবেনা। জেলায় বাজার মনিটরিং জোরদার এবং ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও ভেজালমুক্ত খাদ্যপণ্য সরবরাহের আহ্বান জানিয়ে বলেন, কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দও জেলা প্রশাসককে আশ্বস্ত করেন, তারা প্রশাসনের নির্দেশনা মেনে চলবেন এবং বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
তবে বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপে চাঁদাবাজি রোধ করতে তারা কর্তৃপক্ষকে কঠোর হওয়ার আহ্বান জানান।