বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে দেশের ৮ বিভাগের ১০ জেলার ১১ উপজেলার ১১টি ব্লকে পাইলট প্রকল্প হিসেবে প্রথম ধাপে কৃষক কার্ড প্রদান করা হবে।
এরই অংশ হিসেবে মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ফুলতলা ব্লকের ৮২১ জন কৃষক পাচ্ছেন এই কার্ড। উপজেলার ফুলতলা ইউনিয়নের বশির উল্লাহ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরই মধ্যে সংশ্লিষ্ট কৃষকদের বাছাই x ব্যাংক হিসাব খোলাসহ সব প্রক্রিয়া শেষ হয়েছে।
পিআইডি জানায়, অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কৃষকদের হাতে কার্ড তুলে দিবেন।
এই কার্ডের মাধ্যমে সরাসরি ২ হাজার ৫০০ টাকা হারে বার্ষিক নগদ সুবিধাসহ কৃষকরা প্রণোদনা, সার, বীজ, মৎস্য, প্রাণী ও খাদ্যসহ বিভিন্ন কৃষি উপকরণ ক্রয় করতে সুবিধা পাবেন।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন প্রথম ধাপেই মৌলভীবাজারের জুড়ীর ফুলতলার কৃষকদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিএনপি যা বলে তা করে দেখায়। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু হয়েছে-আরো অনেক চমক আসবে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে মৌলভীবাজারে ভূমিহীন ৩৮৯ জন, প্রান্তিক ২০২ জন, ক্ষুদ্র ১৯৯ জন, মাঝারি ২৫ জন ও বড় ৬ জন-এই ৫ শ্রেণির কৃষক সরকারি কৃষক কার্ডের আওতায় আসছেন।