আয় না বাড়লেও সিসিকের উন্নয়ন থেমে নেই : সিসিক প্রশাসক

প্রকাশিত April 13, 2026
আয় না বাড়লেও সিসিকের উন্নয়ন থেমে নেই : সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
সোমবার (১৩ এপ্রিল/৩০ চৈত্র) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ১৯, ২২, ৩২, ৩৩, ৩৫, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে সড়ক ও ড্রেনসহ বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো আলী আকবরও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক সংশ্লিষ্ট এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং কার্যাদেশের শর্ত অনুযায়ী কাজের মান ও অগ্রগতি তদারকি করেন।
পরে সাংবাদিকদের তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি পাওয়ায় কাজের পরিধিও বেড়েছে; কিন্তু আয় তেমন বাড়েনি। বর্ধিত ওয়ার্ডগুলো থেকে এখন পর্যন্ত কর আদায় শুরু না হলেও সেখানে উন্নয়ন কার্যক্রম চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, নাগরিকদের নগর সুবিধা নিশ্চিত করতে সড়ক নির্মাণ ও পাকাকরণ, সড়ক প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ ও সড়কবাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
যত্রতত্র ময়লা ফেলার প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একদিকে উন্নয়ন কাজ চলছে, অন্যদিকে অসচেতনভাবে ময়লা ফেলে নগরকে নোংরা করা হচ্ছে। সিসিকের কর্মীরা দিনরাত পরিশ্রম করেও নগর পরিচ্ছন্ন রাখতে হিমশিম খাচ্ছেন।
তিনি নগরবাসীর প্রতি নির্ধারিত স্থানে ময়লা ফেলা, গৃহকর যথাসময়ে পরিশোধ ও ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
এ সময় সিলেট জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সুমন শিকদার, সিসিকের সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য, লিপু সিংহ ও সুমন চন্দ্র দে, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ ও মো মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী, ঠিকাদার ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি