সিলেটে সরকারি-বেসরকারি নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন সকাল ৯টায় সিলেট সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার বের করে।
এর প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো সারওয়ার আলম বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এ দিন সিলেটের সর্বস্তরের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও গোত্র নির্বিশেষে এক মহামিলনমেলায় অংশগ্রহণ করেছে, যা জাতির ঐক্যের প্রতীক।
তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং সিলেট অঞ্চলের মানুষও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এই মিলনমেলার মাধ্যমে সম্প্রীতি আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শোভাযাত্রা মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্বিনব্রিজ সংলগ্ন শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এছাড়াও পয়লা বৈশাখ উপলক্ষে সিলেটে ছিল নানা আয়োজন। এর মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, সিলেট কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন হাসপাতাল ও শিশু পরিবার (এতিমখানা) সমূহে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন ইত্যাদি। পিআইডি সিলেট