শাল্লায় বর্ষবরণ ও উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা উদ্বোধন

প্রকাশিত April 15, 2026
শাল্লায় বর্ষবরণ ও উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা উদ্বোধন

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণের সাথে সাথে উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা শুরু হয়েছে।
শুভ নববর্ষে সকাল সাড়ে ১১টায় ছায়ার হাওরের ‘পুটিয়ার বন্দ’ এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায় কৃষক আজিজ মিয়ার জমিতে ধান কাটা উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস ও কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় জানান, এ বছর উপজেলায় ২১ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়। ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তারা শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলের ঝুঁকি এড়াতে ধান ৮০ শতাংশ পেকে গেলেই দ্রুত কেটে ফেলার পরামর্শ দেন।
শ্রমিক সংকট নিরসনে উত্তরাঞ্চল থেকে শ্রমিক আনার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা কামনার কথা উল্লেখ করে তারা বলেন, শাল্লার এই উৎপাদন জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।
এছাড়াও বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও উপজেলায় নানা অনুষ্ঠানের আয়োজন ছিল।