মো আয়মান মিয়া, দিরাই : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির দিরাই-শাল্লায় হিন্দু-মুসলিম মিলে উন্নয়নের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর/২০ অগ্রহায়ণ) দুপুর ২টায় দিরাই উপজেলা সদরের থানা পয়েন্টে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরাম আয়োজিত যুব ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিশির মনির নির্বাচিত হলে সর্বপ্রথম দিরাই-শাল্লার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রত্যেক ইউনিয়ন থেকে উপজেলা সদরের সাথে সংযোগ সড়ক নির্মাণ ও ৪৫ হাজার বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন।
যুব গণ সমাবেশে বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সহসভাপতি সাদিক কায়েম বলেন, গত ৫৪ বছরে দেশে অসংখ্য নেতা তৈরি হয়েছে-তারা মানুষকে অনেক আশ্বাস দিয়েছেন; কিন্তু নির্বাচিত হওয়ার পরেই জনগণের কথা ভুলে গেছেন।
তিনি বলেন, অতীতে দিরাই-শাল্লার মানুষের ভাগ্যের উন্নয়নে কেউ এগিয়ে আসেননি। ভাগ্যের উন্নয়ন ঘটাতে হলে হিন্দু মুসলিম মিলে ’দাঁড়িপাল্লা’য় অ্যাডভোকেট শিশির মনিরকে ভোট দিতে হবে। তার প্রতি আস্থা রাখতে হবে। তিনি কথা ও কাজে মিল রাখবেন।
দিরাই উপজেলা জামায়াত ইসলামের আমীর মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং দলীয় কর্মী ইমরান হোসাইন ও সিলেট ইবনেসিনা হাসাপাতালের ইনচার্জ মো রেজাউল ইসলামের যৌথ সঞ্চালনায় আরো বিশেষ অতিথি ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা ও মো শাহীনুর রহমান।