শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মন্নার মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।
ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার রবি দাস জানান, শনিবার (৩১ অক্টোবর/১৫ কার্তিক) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার নিজগাঁও গ্রামে এই সংঘর্ষের ঘটনা চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, নিজগাঁও গ্রামের রূপ মিয়া ও আজব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে এই জমির দখল নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে সংঘর্ষ বাঁধে। এতে মন্নার মিয়া গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন; কিন্তু সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শাল্লা থানার ওসি মো সোহেল জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।