গোয়াইনঘাটের কাপনা খালে সেতুর জন্যে এক শিক্ষার্থীর আকুতি

প্রকাশিত October 31, 2026
গোয়াইনঘাটের কাপনা খালে সেতুর জন্যে এক শিক্ষার্থীর আকুতি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের তেলিখাল বাজার থেকে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত সড়কে কাপনা খালের ওপর একটি সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশের ১০ গ্রামের মানুষ। এলাকাবাসীর মতে,এই খালের ওপর মাত্র ৯৬ ফুট দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।
কাপনা খালে সেতু না থাকায় এর দুই পাড়ে অবস্থিত বিভিন্ন পাড়া-গ্রামের মানুষের যাতায়াতে যেমন সমস্যা হচ্ছে তেমনি শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, কৃষকদের সার ও কৃষি উপকরণ পরিবহন, উৎপাদিত ফসল আনা-নেওয়া এবং সাধারণ মানুষের হাটবাজারে যাওয়া-আসা ব্যাহত হচ্ছে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন পশ্চিম পাড়ের বাসিন্দারা। সেখানকার শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে, মানুষজন হাট বাজারে যেতে, রোগি নিয়ে ডাক্তারের কাছে যেতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ থেকে সেবা নিতে যেখানে হেঁটে মাত্র ২০ মিনিটের পথ সেখানে প্রায় ৮ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়।
বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পশ্চিম পাড় ও পূর্ব পাড়ের অনেক মানুষ ঝুঁকি নিয়ে সাঁতরে খাল পার হতে বাধ্য হন। এছাড়া রোগীদের চিকিৎসকের কাছে নেওয়া ও জরুরি চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে।
এলাকাবাসীর মতে, কাপনা খালের ওপর সেতু নির্মাণ করা হলে ১০টি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি-বিশেষ করে এলাকার সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে আকুল আবেদন কাপনা খালের ওপর যেন দ্রুত একটি সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

নুরুল আমিন, শিক্ষার্থী, পশ্চিমপাড়া, ডৌবাড়ী, গোয়াইনঘাট, সিলেট।