পেশাগত দায়িত্ব পালন করার সময় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় দুই সাংবাদিক আহতের ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাব তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।
এই ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এ অঞ্চলের চিকিৎসার সবচেয়ে বড় ভরসাস্থল। এখানে কর্মরত চিকিৎসকরা মানুষের জীবন বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেন; কিন্তু ইন্টার্ন চিকিৎসক নামধারী কতিপয় সন্ত্রাসী প্রায়ই রোগি ও তাদের স্বজনদের হেনস্তা ও মারধর করে ভীতিকর পরিবেশ তৈরি করেন। যার পুনরাবৃত্তি ঘটে বুধবার রাতে। খবর পেয়ে রোগির স্বজনদের মারধর করার তথ্য সংগ্রহ ও ছবি-ভিডিওচিত্র ধারণ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হন।
পরিচয় জেনেও ইন্টার্ন চিকিৎসকরা সাংবাদিকদের ওপর হামলা চালান।
সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু সংবাদ মাধ্যমের ওপর আঘাত নয় বরং এটি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার অপচেষ্টা। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ সকল ক্ষেত্রেই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন।