সিলেট চেম্বার প্রশাসকের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত October 26, 2026
সিলেট চেম্বার প্রশাসকের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৬ অক্টোবর/১০ কার্তিক) দুপুর ১২টায় চেম্বার কার্যালয়ে এই সাক্ষাৎকালে ভারতীয় সহকারী হাই কমিশনার বলেন, “ভারতের সেভেন সিস্টারের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। উভয় দেশের ব্যবসায়ীদের স্বার্থে এ বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে আমাদেরকে কাজ করতে হবে। ভারত সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক।”
তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্ককে জোরদার করতে আগামী ২৮ অক্টোবর তারিখে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা থেকে একটি বাণিজ্য প্রতিনিধিদল সিলেটের আমদানি-রপ্তানিকারক ও বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দের সাথে দ্বি-পাক্ষিক আলোচনা সভায় মিলিত হবে।
তিনি এতে সিলেট চেম্বার প্রশাসককে আমন্ত্রণ জানান।
ভারতীয় সহকারী হাই কমিশনার আরো বলেন, সিলেটের ব্যবসায়ীদের মনোভাব অত্যন্ত ভালো। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে তারা জাতি, ধর্ম ও বর্ণের কোন ভেদাভেদ করেন না। বিষয়টি অত্যন্ত আশাব্যঞ্জক ও প্রশংসনীয়।
সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী বলেন, “আমদানি-রপ্তানি বাণিজ্য প্রসারিত হলে আমাদের দুই দেশের অর্থনীতিই লাভবান হবে। আমরা চাই বাংলাদেশ-ভারত ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার হোক।”
তিনি ভারতীয় সহকারী হাই কমিশনারকে সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি নীতিগত কিছু সমস্যা দূর করতে পারলে আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়বে।
তিনি বলেন, ভারতীয় আমদানি-রপ্তানি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে মেঘালয় ও আসামের বিভিন্ন বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে কটন ওয়েস্ট, তৈরি পোশাক, ফলমূল, কার্বনেটেড ড্রিংক্স, বেকারি পণ্য, কাঠের আসবাবপত্র ও প্লাস্টিক পণ্য রপ্তানি বন্ধ আছে।
তিনি এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বলেন, সিলেটের শেওলা স্থলবন্দরে কোয়ারেন্টাইন অফিস থাকলেও সুতারকান্দি এলসি স্টেশনে কোন কোয়ারেন্টাইন অফিস নেই। যার ফলে পণ্য রপ্তানির ক্ষেত্রে গোহাটি অফিস থেকে কোয়ারেন্টাইন সার্টিফিকেট গ্রহণ করতে হয়। এতে প্রচুর সময় নষ্ট হয়।
তাই তিনি সুতারকান্দি এলসি স্টেশনে কোয়ারেন্টাইন অফিস খোলার অনুরোধ জানান।
এছাড়াও তিনি করিমগঞ্জের সাথে বাণিজ্য বৃদ্ধির স্বার্থে করিমগঞ্জ এলসি স্টেশনের যোগাযোগ সড়ক মেরামতের অনুরোধ জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি ত্রিহান সিং, সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো গোলাম আক্তার ফারুক, উপ-নির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি