দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে : সিলেটে প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশিত October 19, 2026
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে : সিলেটে প্রবাসী কল্যাণ মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের শান্তি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করার মধ্য দিয়ে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।
সোমবার (১৯ অক্টোবর/৩ কার্তিক) সিলেট মহানগরীর বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে শিববাড়ী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবাই পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছেন।
দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, সিলেট সহ সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর সহসভাপতি সাদেক হোসেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। পিআইডি সিলেট