প্রতি ৩ ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের : সিলেটে বাণিজ্য মন্ত্রী

প্রকাশিত October 19, 2026
প্রতি ৩ ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের : সিলেটে বাণিজ্য মন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিন ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এ উদ্যোগের পাশাপাশি সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নেও একটি করে মাঠ প্রতিষ্ঠা করা হবে।
সোমবার (১৯ অক্টোবর/৩ কার্তিক) সিলেট সার্কিট হাউসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের বিজয়ী প্রতিযোগীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
খেলাধুলার বিকাশে মাঠ ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি ক্রীড়াবিদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি অভিমত প্রকাশ করেন।
জাতীয় পর্যায়ে কাবাডি ও ফুটবলে সিলেটের বিজয়ী প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তাদের এ অর্জন সিলেটবাসীর জন্য গর্বের। সিলেটে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ও খেলার মাঠের সুবিধা বাড়াতে উদ্যোগ নেয়া হবে। কাবাডি
খেলোয়াড়দের অনুশীলনের উপযোগী ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হবে।
বিভাগীয় কমিশনার মো মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও এম এ মালিক, সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন। পিআইডি সিলেট