মৌলভীবাজার-৩ আসনে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর মহড়া

প্রকাশিত February 11, 2026
মৌলভীবাজার-৩ আসনে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর মহড়া

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি/২৮ মাঘ) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়ার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক।
তিনি মৌলভীবাজার-৩ আসনের দায়িত্বে নিয়োজিত ইউনিটের সদস্যদের পেশাগতভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
কর্নেল কৌশিক বলেন, নির্বাচনে সবাইকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের পরিবেশ বজায় রাখতে জেলার গুরুত্বপূর্ণ এবং সীমান্তবর্তী এলাকা নির্বাচনী সময়ে নিরাপদ রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা সমন্বিত কর্ম পরিকল্পনা নিয়ে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছেন।
তিনি হুশিয়ার করে দেন, সুষ্ঠু ভোট কার্যক্রমে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে জনস্বার্থে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।