নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ অক্টোবর থেকে সিলেট মহানগরীর শাহী ঈদগা মাঠে মাসব্যাপী ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হবে। এতে সিলেটের নারী উদ্যোক্তা সহ সারা দেশের সৃজনশীল পণ্য উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন।
প্রায় ৩ বছর পর সিলেট অঞ্চলে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এ ধরনের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলভেন্ট প্ল্যানার্স এতে সার্বিক সহযোগিতা করবে।
এ উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর/৩০ ভাদ্র) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, মেলায় সিলেটের নারী উদ্যোক্তাদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সৃজনশীল পণ্য উদ্যোক্তারা অংশ নেবেন। এর মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
মেলা আয়োজনের জন্য সিলেট জেলা ও সদর উপেজলা প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোর প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে মেলা চলাকালীন সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্যরা শাহী ঈদগা মাঠে মেলার ভিত্তি-প্রস্তর স্থাপন করেন।
এবারে মেলায় প্রায় ১৫০টি স্টলে দেশীয় বিভিন্ন পণ্য, পোশাক, হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিকস, প্রসাধনী ও খাদ্যপণ্য সহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচিও থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি এবং পরিচালক সাঈমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান, রেহানা ফারুক শিরিন, আসমাউল হাসনা খান, গাজী জিনাত আফজা, শাহানা চৌধুরী ও তাহমিনা হাসান চৌধুরী।