মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে দুই শিক্ষার্থীর অভিভাবক ও গলহা গ্রামের একজন অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী ধ্রুব দেবনাথ ও মিলি দেবনাথের অভিভাবক লাকী রানী ও যমুনা দেবী ৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন, এ দুই শিক্ষার্থীর সাধারণ ও টেলেন্টপুল বৃত্তির টাকা পায়নি। প্রধান শিক্ষক রফিকুল হকের কাছে বৃত্তির টাকা সম্পর্কে জানতে চাইলে তিনি বিভিন্ন সমস্যা দেখিয়ে বিষয়টি এরিয়ে যান।
এদিকে বৃত্তির টাকা না পাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ চালাতে অভিভাবকদের হিমসিম খেতে হচ্ছে।
গলহা গ্রামের মো ওয়াসিম মিয়া বিদ্যালয়ের পাঁচতলা ভবন নির্মাণে ঠিকাদারের সাথে সমন্বয়ে নিম্নমানের কাজের সম্মতি প্রদান, অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ভুল দেখিয়ে অর্থ আদায়, বিদ্যালয় তহবিলের টাকা নিজের একাউন্টে রাখা, অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় সাক্ষর এবং এসএসসির বাছাই পর্বে অনৈতিক লেনদেনের অভিযোগ করেন।
এবিষয়ে গলহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত-এই বলেই তিনি ফোনকল কেটে দেন।
মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছেন। অবশ্যই তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।