কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভায় সন্তানদের বাংলা শেখানোর আহ্বান

প্রকাশিত September 10, 2026
কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভায় সন্তানদের বাংলা শেখানোর আহ্বান

যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলা স্কুল কমিটির জেনারেল সেক্রেটারি, কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও ট্রেজারার এস এ খান লেনিনের পরিচালনায় এতে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের সহকারী ইমাম হাফিজ মাওলানা তৌহিদুল হক।
সভায় স্কুলের পরিচালনা ও আগামী দিনের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এতে বক্তব্য রাখেন শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাস্টি আবদাল মিয়া, শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মধু, সাধারণ সম্পাদক কাওসার হোসেন, শেখ আতিকু উজ্জামান, শামীম চৌধুরী, ফয়ছল আহমদ, মোহাম্মদ মুজিব মিয়া, টিপু আহমেদ, সুমন মিয়া, সাজেল আহমেদ ও রুহেল রহমান।
সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে আগামী শনিবার থেকে কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের কার্যক্রম পরিচালিত হয়।
১৯৮১ সাল থেকে কার্ডিফ শহরে নব-প্রজন্মের সন্তানদের বাংলা ভাষা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার লক্ষ্যে স্কুলটি কাজ করছে।
বাংলা স্কুলের আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করে স্কুল কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রবাসে বেড়ে ওঠা নবপ্রজন্মকে বাংলাদেশের সঙ্গে নাড়ির বন্ধনে আবদ্ধ করতে বাংলা ভাষা, দেশের কৃষ্টি-সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অধ্যায় সম্পর্কে ধারণা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি কার্ডিফে বসবাসরত অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের বাংলা স্কুলে পাঠানোর আহ্বান জানান।