জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিম, ফিদায়ে মিল্লাত সাইয়েদ আসআদ মাদানির (র) খলিফা এবং শায়খে কাতিয়ার (র) সুযোগ্য বড় সাহেবজাদা, দেশবরেণ্য প্রখ্যাত আলেম শায়খ হাফিজ ইমদাদুল্লাহর ইন্তেকালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক করেছেন।
এক শোকবার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “হজরত মাওলানা হাফেজ ইমদাদুল্লাহ (র) ছিলেন দ্বীনের একনিষ্ঠ খাদেম ও ইসলামী শিক্ষা-সংস্কৃতির একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সিলেট ও সুনামগঞ্জ সহ দেশজুড়ে দ্বীনি শিক্ষার প্রসার ও সমাজ সংস্কারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। পিতার রেখে যাওয়া ঐতিহ্যবাহী কাতিয়া মাদরাসাকে সুযোগ্য নেতৃত্বে এগিয়ে নিয়ে তিনি যে ইলমি খেদমত আঞ্জাম দিয়েছেন, তা অতুলনীয়।”
মন্ত্রী আরও বলেন, “তার এই আকস্মিক মৃত্যুতে দেশের আলেম সমাজ ও দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। একজন অভিভাবক ও আদর্শ মুখলিস আলেমকে হারিয়ে আমরা গভীরভাবে ব্যথিত।”
তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য প্রার্থনা করেন।
একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, কাতিয়া মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি