মহানগরীর লালবাজারের মৎস্য ব্যবসায়ীদের রাস্তা অবরোধ

প্রকাশিত November 28, 2019
মহানগরীর লালবাজারের মৎস্য ব্যবসায়ীদের রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে হকার উচ্ছেদ অভিযানকালে মৎস্য ব্যবসায়ীদের নিকট থেকে মাছ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বন্দর এলাকার লাল বাজারের মৎস্য ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন। তবে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
মৎস্য ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে কয়েকজন মৎস্য ব্যবসায়ী লাল বাজারের রাস্তার পাশে বসে মাছ বিক্রি করছিলেন। এসময় সিসিকের হকার উচ্ছেদ অভিযানের একটি দল কয়েকটি মাছের খাঁচা তুলে নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টার দিকে লাল বাজারের সামনের রাস্তা অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে সিলেট কোতয়ালি মডেল থানার ওসি সেলিম মিয়া সিসিক মেয়রকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে মৎস্য ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।