শাহ শাফী, লন্ডন, ইউকে : এশীয় খাদ্য ও আতিথেয়তা শিল্পের বিশিষ্ট ব্যক্তিদেরকে ৪৬টি শাখায় পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।
এশিয়ার বিভিন্ন দেশের খাদ্যশিল্প, রেস্তোরাঁ ও আতিথেয়তা খাতের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।
এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) লন্ডনের অভিজাত মেফেয়ারের গ্রোসভেনর হাউসে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান কারি অ্যাওয়ার্ডসের ফাউন্ডার্স চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ইয়াওর খান। বিবিসির সংবাদ উপস্থাপক সামান্থা সিমন্ডস ও ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক আনিসা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এইচ ই দাতো ইন্দেরা, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর মোরশেদুর রহমান তালুকদার, ওয়ার্ক পারমিট ক্লাউডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার মো লুৎফুর রহমান, স্কটিশ পার্লামেন্টের সাবেক এমপি ফয়সল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক শাহগীর বখত ফারুক ও ওয়ান মিলিয়ন মিলসের প্রতিষ্ঠাতা সুলেমান রাজা এমবিই।এছাড়াও উপস্থিত ছিলেন ক্রয়ডনের মেয়র মোহাম্মদ ইসলাম, সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, সাটনের মেয়র মুহাম্মদ সাদিক, শ্রীপুর ভিলেজের ট্রাস্টি সাব্বির করিম, একাউন্টেন্ট রফিক হায়দার, আনোয়ার হোসেন, শাহ এফ আকতার, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান এমবিই ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর সহ নানা শেণিপেশার বিশিষ্টজনেরা।
এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের বিচারকমণ্ডলী বিজয়ীদের নির্বাচন করেন। এর আগে মসলাপ্রেমী সাধারণ মানুষের ভোটে বিভিন্ন শাখা ভিত্তিক চূড়ান্ত প্রতিযোগীদের তালিকা তৈরি করা হয়। ফাইন ডাইনিং, ক্যাজুয়াল ডাইনিং, টেকঅ্যাওয়ে, ভেগান ও নিরামিষ খাবার সহ এশীয় খাদ্যসংস্কৃতির বিভিন্ন শাখা এই পুরস্কারের আওতায় ছিল।
এবারের জাতীয় পর্যায়ের উল্লেখযোগ্য পুরস্কারগুলোর মধ্যে বার্মিংহামের ‘ইতিহাদ’ অর্জন করে বেস্ট ফাইন ডাইনিং রেস্টুরেন্টের সম্মাননা। লন্ডনের ক্ল্যাপহামের দ্য পেপার ট্রি জিতে নেয় ‘থাই রেস্টুরেন্ট অব দ্য ইয়ার’। ইয়র্কের এভারেস্ট গুর্খা নির্বাচিত হয় ‘নেপালিজ রেস্টুরেন্ট অব দ্য ইয়ার’ এবং কার্ডিফের ভেজিটেরিয়ান ফুড স্টুডিও অর্জন করে ‘বেস্ট ভেগান/ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কার।
এ বছর লন্ডনের ব্রিক লেনের আন্তর্জাতিক সুপারমার্কেট দ্য তাজ স্টোরসকে দেওয়া হয় ‘লিগ্যাসি অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। এডিনবরার ম্যাকাও কিচেনের কেই ডি ফ্রেইটাস অর্জন করেন ‘এশিয়ান শেফ অব দ্য ইয়ার’ পুরস্কার।
আতিথেয়তা শিল্পে উদ্ভাবনী অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন মো শাকাওয়াত হোসেন। একই সঙ্গে বিশেষ সম্মাননা দেওয়া হয় সন্দীপ দেওয়ানকেও।
এবারের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেন প্যাডিস মার্টেন ইন প্রতিষ্ঠাতা প্রদীপ ও অমিতা মাশরু। একই প্রতিষ্ঠান লেস্টারের ‘সেরা এশীয় রেস্তোরাঁ’ হিসেবেও পুরস্কৃত হয়েছে।