জকিগঞ্জে ৩টি অবৈধ ইটভাটা সহ ৭ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত November 25, 2026
জকিগঞ্জে ৩টি অবৈধ ইটভাটা সহ ৭ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কাঁচা ইট ধ্বংস এবং ইটভাটার চিমনিও ভেঙে দেওয়া হয়।
এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে আরও চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সব মিলিয়ে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৬ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (২৫ নভেম্বর/১০ অগ্রহায়ণ) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন (২০২৩) ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা (২০২২) অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে সোনাসার এলাকার সোনাসার ব্রিকস-২-কে ১ লাখ টাকা, বারঠাকুরী এলাকার মেসার্স বি বি এফ বারঠাকুরী ব্রিকসকে ২ লাখ টাকা ও বারহাল এলাকার মেসার্স মনসুর ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া কালিগঞ্জ বাজার এলাকায় আব্দুল হারিছকে ১০ হাজার টাকা, শরিফুল ইসলামকে ১০ হাজার টাকা, আব্দুল হালিমকে ১০ হাজার টাকা ও দিপঙ্কর বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির প্রসিকিউশন প্রদান করেন। এ সময় পুলিশ, ব্যাটালিয়ন আনসার, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের সদস্য ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জানান, পরিবেশদূষণ রোধে বিভাগের অধীন জেলাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড় ও টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।