জকিগঞ্জে ডাকাতদের হাতে গৃহকর্তা আহত || ১৩ লাখ টাকার মালামাল লুট

প্রকাশিত August 18, 2026
জকিগঞ্জে ডাকাতদের হাতে গৃহকর্তা আহত || ১৩ লাখ টাকার মালামাল লুট

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক প্রাক্তন ইউপি মেম্বারের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হাতে আহত হয়েছেন গৃহকর্তা। ডাকাতদল প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোমবার (১৭ আগস্ট) রাত পৌণে ৩টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে বাড়ির মালিক সাবেক ইউপি মেম্বার আব্দুল মন্নান গুরুতর আহত হয়েছেন।
আব্দুল মন্নান ও পরিবারের সদস্যরা জানান, একদল ডাকাত বাড়ির গেটের তালা ও দরজা ভেঙে ঘরে ঢুকে সবার হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের মারধর করে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ ও মোবাইল ফোন সহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।